প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Dec 4, 2025
খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়ার কর্মসূচি ঘোষণা বিএনপির
নিজস্ব প্রতিবেদকঃ
আগামীকাল শুক্রবার (০৫ ডিসেম্বর ২০২৫) দেশব্যাপী দোয়ার কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ‘গণতন্ত্রের মা’ ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার জুমার নামাজের পর দেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা মহানগরসহ সারাদেশের বিভিন্ন মসজিদে জুমার নামাজ শেষে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়ার আয়োজন করা হবে। বিএনপি নেতাকর্মীসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ মানুষকে এতে অংশ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এছাড়া একই উদ্দেশ্যে দেশের মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষকেও প্রার্থনায় অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।